বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার একটি মোবাইল অ্যাপে হঠাৎ রাশিয়ার নাগরিকদের ফোনে ভেসে ওঠে পারমাণবিক হামলার সতর্কবার্তা। বার্তায় দাবি করা হয়, ইউক্রেনের হামলাকারী ড্রোন থেকে পারমাণবিক ওয়ারহেড রাশিয়ার সব অঞ্চলের দিকে ছোড়া হয়েছে।

তবে এটি ছিল একটি ভুয়া সতর্কবার্তা। হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাপটিতে এ ধরনের বার্তা ছড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভুয়া সতর্কবার্তায় বলা হয়, রাশিয়ার সব অঞ্চলে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের তিন সপ্তাহের খাবার মজুত করে আত্মগোপনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে। সাইরেন, মাইক, খুদে বার্তা (এসএমএস) এবং টেলিভিশন ও রেডিওর মাধ্যমে নাগরিকদের সতর্ক করা হচ্ছে। মোবাইল অ্যাপটি কেবল অতিরিক্ত তথ্যসেবা হিসেবে ব্যবহৃত হয়।

মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, মোবাইল অ্যাপ হ্যাক হওয়ার ঘটনায় জনসাধারণকে সতর্ক করার মূল ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি। অ্যাপটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে বিশেষজ্ঞরা কাজ করছেন। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়েছে।