আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১০ জন। হতাহতদের অধিকাংশই শিশু। শনিবার (২৮ নভেম্বর) প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, স্কুলের পাশের একটি বিস্ফোরক সংরক্ষণাগারে অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে। সেখানে বিভিন্ন খননকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণ করা হতো। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক বায়ান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলার কারণেই স্কুলের পাশে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে। শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ধুলায় ঢাকা শিশুদের স্কুলব্যাগ। উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণে অনেক শিশু আহত হয়েছে। কেউ ভাঙা কাচের আঘাতে, আবার কেউ দেয়াল ও ছাদ ধসে আহত হয়েছে। কয়েকজন ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়ে।
স্কুলের পাশের বাড়িতে থাকা নূর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে তিনি ধুলার মধ্যে ছুটে যান। ওই স্কুলে তার পরিবারের শিশুরাও পড়ত। একটি কক্ষ থেকে চিৎকার ও কান্নার শব্দ শুনে সেখানে প্রবেশ করে নিজের ভাগনির হাত দেখতে পান। পরে ইট সরিয়ে তাকে এবং অন্য আহতদের উদ্ধার করেন।
বিস্ফোরণে আহত ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হাজি সুলাইমান জানান, বিস্ফোরণের পর কাঠের টুকরা ও মানুষের শরীরের অংশ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন তিনি। স্কুলে গিয়ে কয়েকটি শিশুর মরদেহ এবং রক্তাক্ত অবস্থায় অনেককে পড়ে থাকতে দেখেন। এ সময় ভবনের ছাদ ও দেয়ালের বড় অংশ ধসে পড়েছিল।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কুনার প্রদেশের স্কুলের কাছে বিস্ফোরণে বহু শিশুর প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা দিতে এবং ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর প্রয়োজন নিরূপণে সহযোগিতা করছে সংস্থাটি।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল প্রাঙ্গণে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।









