জীবন-মৃত্যুর মুহূর্তে স্বামীর আচরণেই ভেঙে গেল এক নারীর সংসার। ভূমিকম্পের সময় স্ত্রীকে বাঁচানোর চেষ্টা না করে দৌড়ে পালানোয় নিজের স্বামীকে ডিভোর্স দিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে @evanalexisoliver নামে নিজের বিবাহিত জীবন সম্পর্কে এ তথ্য প্রকাশের পর থেকেই তিনি আলোচনায় রয়েছেন।
টিকটক ভিডিওতে ওই নারী জানান, একদিন তারা স্বামী-স্ত্রী একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়। আশপাশে যারা ছিল, তারা সবাই তাদের সঙ্গীকে উঠে দাঁড়াতে বা টেবিলের নিচে লুকোতে সাহায্য করছিল। আর তার স্বামী টেবিল থেকে লাফিয়ে দৌড়ে পালান। স্বামী রেস্তোরাঁর অন্য প্রান্তে গিয়ে দরজার চৌকাঠের কাছে আশ্রয় নেন; অথচ স্ত্রী সেখানে বসে আছেন কি না, একবারও খোঁজ নেননি। স্বামীর ধারণা ছিল, স্ত্রী হয়তো তাকে দেখতে পাননি; কিন্তু রেস্তোরাঁয় তারা যেখানে বসে খাচ্ছিলেন, তার স্বামী ঠিক তার উল্টোপাশেই গিয়ে লুকান যদিও তাকে যে দেখা যাচ্ছিল, তা তিনি বুঝতে পারেননি।
ভিডিওতে তিনি জানান, ভূমিকম্পে ওই সময় কেউ আহত হননি। তবে ঘটনাটি তার জন্য খুবই অপমানজনক ছিল। ভূমিকম্প থেমে যাওয়ার পর রেস্তোরাঁর একজন কর্মী তার কাছে এসে জানতে চান, তিনি ঠিক আছেন কি না; এরপর ওই কর্মী বলেন, ‘এটা খুবই অদ্ভুত যে সে (স্বামী) আপনাকে এভাবে ফেলে চলে গেল।’ ওই নারী বলেন, ‘বিষয়টি খুবই অদ্ভুত ও বিব্রতকর ছিল। সে একবারও আমার কথা ভাবেনি। ভূমিকম্প শুরু হতেই সে দৌড়ে পালিয়ে গেল। যেন আমি তার কাছে একেবারেই গুরুত্বপূর্ণ নই।’
ওই ঘটনার পর স্বামীর প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। জীবন ঝুঁকির মুখে পড়লে একজন মানুষের প্রকৃত আচরণ কেমন হতে পারে, তা তিনি ওই দিন উপলব্ধি করেন। শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়; অনেকেই ২০১৪ সালের সুইডিশ চলচ্চিত্র ‘ফোর্স মেজ্যুর’-এর কাহিনির সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ওই ছবিতে তুষারধসের সময় স্বামী স্ত্রী-সন্তানদের ফেলে পালিয়ে যান। তবে ভূমিকম্পের ঘটনাটি ডিভোর্সের একমাত্র কারণ ছিল না; ভিডিওতে ওই নারী ডিভোর্সের পেছনে থাকা আরও কয়েকটি ঘটনার কথাও জানিয়েছেন।









