সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ৫৯৩ ফুট উঁচুতে দাবা খেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের দুই নাগরিক। প্রতিকূল আবহাওয়া, হিমশীতল তাপমাত্রা ও অক্সিজেনের স্বল্পতা উপেক্ষা করে পাহাড়ের চূড়ায় বসে দাবা খেলেন তারা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ ইকুয়েডরের সর্বোচ্চ পর্বত চিম্বোরাজোর চূড়ায় এই কীর্তি গড়েন ৩২ বছর বয়সী অ্যাডাম উইনিঙ্গার ও ৪৪ বছর বয়সী জশুয়া হোস্ট।
এর মাধ্যমে সর্বোচ্চ উচ্চতায় বোর্ড গেম খেলার বিশ্বরেকর্ড নিজেদের করে নেন তারা।
তবে এই চ্যালেঞ্জ শুধু দাবা খেলার দক্ষতার পরীক্ষা ছিল না, বরং ছিল শারীরিক সক্ষমতারও কঠিন পরীক্ষা। অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের স্বল্পতা, হিমশীতল তাপমাত্রা ও প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি বেশ কঠিন হয়ে ওঠে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে অ্যাডাম উইনিঙ্গার বলেন, দাবা তার সবচেয়ে প্রিয় খেলা। পাহাড়ের চূড়ায় বসে দাবা খেলার অভিজ্ঞতাকে তিনি জীবনের অবিস্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, এই চ্যালেঞ্জের জন্য দুই বন্ধু আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। বিভিন্ন স্থানে দাবা খেলার পাশাপাশি তারা বেশ কয়েকটি পর্বতারোহণ অভিযানেও অংশ নেন।
এর আগে সর্বোচ্চ উচ্চতায় দাবা খেলার রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের টিম মাও ও নিল লটনের দখলে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নেপালের পুথা হিউঞ্চুলি পর্বতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ৩৯৩ ফুট উচ্চতায় দাবা খেলেছিলেন তারা।
এবার সেই রেকর্ড ভেঙে আগের চেয়ে ২০০ ফুট বেশি উচ্চতায় দাবা খেলে নতুন ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের দুই বন্ধু।









