শাহরুখ খানের আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের উত্তেজনা দিন দিন বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল, সিনেমাটির দৈর্ঘ্য হতে পারে ২ ঘণ্টা ৩৫ মিনিট। তবে জনপ্রিয় মার্কিন টিকিট বুকিং ওয়েবসাইট ফ্যানড্যাঙ্গোর তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির সম্ভাব্য দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট।

এই দৈর্ঘ্য চূড়ান্ত হলে ২০ বছরের মধ্যে এটিই হবে শাহরুখ খানের প্রথম সিনেমা, যার দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি। এর আগে ২০০৬ সালে করণ জোহর পরিচালিত ‘কভি আলবিদা না কেহনা’ সিনেমায় তিন ঘণ্টার বেশি সময় পর্দায় ছিলেন এই অভিনেতা।

একসময় শাহরুখ খান নিয়মিত দীর্ঘ দৈর্ঘ্যের সিনেমায় অভিনয় করতেন। ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে মুক্তি পাওয়া তার বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার দৈর্ঘ্য ছিল তিন ঘণ্টার কাছাকাছি বা তার বেশি। এর মধ্যে রয়েছে ‘মোহাব্বাতে’ (২০০০), ‘কভি খুশি কভি গম’ (২০০১), ‘দেবদাস’ (২০০২), ‘কাল হো না হো’ (২০০৩), ‘বীর-জারা’ (২০০৪) এবং ‘স্বদেশ’ (২০০৪)। এসব সিনেমার মধ্যে ৩ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের ‘মোহাব্বাতে’ তার ক্যারিয়ারের অন্যতম দীর্ঘ সিনেমা।

তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমা নির্মাণের ধরন। নির্মাতাদের ধারণা ছিল, দর্শকেরা তুলনামূলক ছোট ও আঁটসাঁট গল্পের সিনেমা বেশি পছন্দ করেন। এমনকি শাহরুখের ‘জব তক হ্যায় জান’ (২০১২) ও ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমার দৈর্ঘ্যও তিন ঘণ্টার সামান্য কম ছিল।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার দুই ব্লকবাস্টার ‘পাঠান’ (২০২৩) ও ‘জওয়ান’ (২০২৩)-এর দৈর্ঘ্য ছিল যথাক্রমে ২ ঘণ্টা ২৬ মিনিট ও ২ ঘণ্টা ৪৯ মিনিট।

তবে ভারতীয় বক্স অফিসে দীর্ঘ দৈর্ঘ্যের সিনেমার সাফল্য আবারও নির্মাতাদের পুরোনো ধারণাকে চ্যালেঞ্জ করছে। ‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা ২’ ও ‘ধুরন্ধর’-এর মতো দীর্ঘ সিনেমার সাফল্য প্রমাণ করেছে, গল্প আকর্ষণীয় হলে দর্শকেরা দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে বসে থাকতেও আগ্রহী।

সেই বিবেচনায় ‘কিং’-এর মতো বড় বাজেটের সিনেমার দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি হওয়াকে অযৌক্তিক মনে করছেন না অনেকে। দীর্ঘ দৈর্ঘ্য নির্মাতাদের তারকাবহুল অভিনয়শিল্পী, অ্যাকশন দৃশ্য ও আবেগঘন মুহূর্তগুলো বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ করে দেয়।

তবে ফ্যানড্যাঙ্গোতে উল্লেখ করা ৩ ঘণ্টা ১৭ মিনিটের দৈর্ঘ্য চূড়ান্ত কি না, তা এখনো নিশ্চিত নয়। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের ‘কিং’ সিনেমার।