গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার নেপথ্যে নাশকতার পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন মূল পরিকল্পনাকারীসহ ২৩ জন প্রভাবশালী নেতাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়লা ব্যবসার আড়ালে ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে দেশে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক আনা হচ্ছে। এ কাজে একটি প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি কিছু পোশাক কারখানার মালিক ও ব্যবসায়ী নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করছেন বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।
গোয়েন্দাদের দাবি, জনমনে আতঙ্ক ছড়াতে ব্যবহৃত ককটেল দুর্গম চরাঞ্চলে তৈরি করা হচ্ছে। রাজধানীর পাঁচটি নির্দিষ্ট স্থান থেকে বিস্ফোরক ও অর্থ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে বলেও তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, এসব ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে, শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া পুলিশের সাঁজোয়া যান, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও বিভিন্ন স্থাপনা ভাঙচুরের খবর পাওয়া গেছে।
দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের কারণে দিনভর জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এক উপপরিদর্শকও হামলার শিকার হয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তবে সহিংসতার ঘটনা নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে স্থানীয়ভাবে পাওয়া অভিযোগের মধ্যে ভিন্নতা রয়েছে।
গোপালগঞ্জে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে জড়ো হন। কয়েকটি মিছিল শহরে প্রবেশ করে। একপর্যায়ে তারা দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে দেন। পরে লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুরের অভিযোগ ওঠে। সরকারি কলেজের নামফলক পরিবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের একটি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটে।
এরপর শহরের কয়েকটি সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে গোপালগঞ্জ-পাটগাতি সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় পুলিশের সাঁজোয়া যান ঘিরে স্লোগান দেওয়ার ঘটনাও ঘটে। প্রেস ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
তবে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান দাবি করেছেন, জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশৃঙ্খলা এড়াতে ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। তাঁর ভাষ্য, কোথাও কোনো ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি এবং পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় রোববার বিকেল থেকে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। পাটগাতি বাজারে উপজেলা যুবদলের কার্যালয়, স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়ি, বিএনপি নেতাদের দোকান ও বাড়িঘরে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা গ্রামীণ ব্যাংক কার্যালয় এবং সীমান্তবর্তী পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপি কার্যালয়েও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
এর আগের দিন শনিবারও টুঙ্গিপাড়ার কয়েকটি ইউনিয়নে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব বিষয়ে অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় থানা পুলিশ। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এদিকে, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় হামলার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার ওই উপপরিদর্শক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২ হাজার জনকে।









