
চট্টগ্রামে এক রাতে খুন হয়েছেন দুইজন। শুক্রবার (২২ এপ্রিল) রাতে জেলার আলাদা দুই স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতদের একজন ছিলেন ছাত্রলীগ কর্মী আসকার বিন তারেক (১৮)। অপরজন কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল (৩৫)।
রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালীর থানার চেরাগি পাহাড়ের আজাদী গলিতে তারেককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, কথা কাটাকাটির জেরে তারেককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ জানায়, নিহত তারেক কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের এসএম তারেকের ছেলে। সে বিএফ শাহিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
অপরদিকে চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (৩৫) নামে আরেক যুবক নিহত হন।
এলাকাবাসী জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।



