সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করা সহজ নয়। শুধু একটি ঘর নয়, নিরাপদ পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, গণপরিবহন, সড়ক, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগও মানসম্মত বসতির অংশ।

citytouch 728-X-90

তিনি বলেন, শহরাঞ্চলে জনসংখ্যার চাপ বেড়ে যাওয়ায় নিরাপদ বাসস্থান ও পরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ ও সুষম আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার, যাতে উন্নয়নের সুযোগ রাজধানীকেন্দ্রিক না থাকে।

সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ব্লকভিত্তিক আবাসন, খেলার মাঠ এবং নির্ধারিত এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রসঙ্গত, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। বাংলাদেশেও প্রতিবছর নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই বাসস্থান এবং পরিকল্পিত নগরায়ণ নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।