বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম।
আদেশ অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কার্যালয়ে সংযুক্ত থাকা বোসরা ইসলামকে পরিচালক প্রশাসন ও মানবসম্পদ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে বদলি করা হয়েছে।
মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে মূল দায়িত্বের পাশাপাশি মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) হিসেবে দায়িত্বে থাকা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
ক্যাপ্টেন বি-৭৮৭ ও উপমহাব্যবস্থাপক (করপোরেট প্ল্যানিং) শেখ আব্বাস হোসেনকে বর্তমান দায়িত্বের পাশাপাশি মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মহাব্যবস্থাপক (হিসাব) এম. এম. আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (করপোরেট প্ল্যানিং) পদে বদলি করে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিংয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
এ ছাড়া উপমহাব্যবস্থাপক (প্রশাসন-মানবসম্পদ) মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) ও উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।










