সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ঢাকার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচিত করা হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হয়।

citytouch 728-X-90

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ এবং বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি জানান, লটারির মাধ্যমে নির্বাচিত ১৮ জন সাবরেজিস্ট্রারকে তাদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনা করে ঢাকার বিভিন্ন স্থানে দায়িত্ব দেওয়া হবে।


আইনমন্ত্রী বলেন, সরকারি দপ্তরে দুর্নীতির যে পরিবেশ তৈরি হয়েছে, তা দূর করতে সরকার কাজ করছে। সাবরেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন সেই উদ্যোগেরই অংশ।


নতুন দায়িত্ব পাওয়া সাবরেজিস্ট্রারদের ওপর নিয়মিত নজরদারি থাকবে বলেও জানান তিনি। কারও বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন আইনমন্ত্রী।


তিনি আরও জানান, সারা দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে। শূন্য পদগুলো পূরণ এবং বদলি-পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও কাজ চলছে।