রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকালে এ তথ্য জানানো হয়।


তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় ও কোন কোন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

citytouch 728-X-90

পুলিশ জানিয়েছে, রাজধানীতে চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় চাঁদাবাজি ও দখলকে কেন্দ্র করে অপরাধের অভিযোগ সামনে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও সক্রিয় হয়েছে।


গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকশ মানুষের অংশগ্রহণের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে এ ধরনের বিভিন্ন ঘটনার নেপথ্যে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিষয়টি আলোচনায় আসে।


এর পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চার দিনে ৪১ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিএমপি।

সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অভিযানের কথা জানান।


ডিএমপি জানিয়েছে, চাঁদাবাজি ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হবে।