দেনমোহর পরিশোধের জন্য স্ত্রীকে বিবাহবিচ্ছেদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। স্ত্রী দেনমোহর দাবি করলে তা পরিশোধযোগ্য বলে জানিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধে টালবাহানা করে স্ত্রীকে আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে, বিচারিক আদালত তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন।
হাইকোর্টের বিচারপতি মো. আব্দুর রহমানের একক বেঞ্চের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়টি উঠে এসেছে।
রায়ে বলা হয়েছে, মুসলিম পারিবারিক আইনে স্ত্রী দাবি করলে দেনমোহর ‘তৎক্ষণাৎ প্রদেয়’ হিসেবে গণ্য হবে। অর্থাৎ দেনমোহর পরিশোধের জন্য বিবাহবিচ্ছেদ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই।
আদালত আরও বলেছেন, স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করলে, পারিবারিক আদালত পরিস্থিতি বিবেচনা করে স্ত্রীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন।
এ ছাড়া নিকাহনামায় স্ত্রীর সম্মতি ছাড়া দেনমোহরকে বিলম্বিত হিসেবে নির্ধারণ করার সুযোগ নেই বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। স্ত্রী দেনমোহর দাবি করলে তা অবিলম্বে পরিশোধযোগ্য হবে।
দেনমোহর সংক্রান্ত দীর্ঘদিনের প্রচলিত ধারণা ও আইনি জটিলতার ক্ষেত্রে এ রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।










