জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুই কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেটের কপিও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।
নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। এটি তিন ধাপে পুরোপুরি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নতুন বেতনকাঠামো অনুযায়ী চাকরিজীবীদের প্রাপ্য বকেয়া বেতনও পরিশোধ করা হবে।










