রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজার একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানো ও উদ্ধারকাজ পরিচালনার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ দুই ফায়ার ফাইটার হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁদের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. আলী জানান, ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে পুরান ঢাকার চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারা এলাকায় মনসুর খান প্লাজার একটি ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন।
কাজ করার সময় ঘন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন জিল্লুর রহমান ও নজরুল ইসলাম। পরে তাঁদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
অসুস্থ দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকর্মী মো. আলহা জানান, চকবাজার থানাধীন মনসুর খান টাওয়ারের ভবনের ষষ্ঠ তলায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চালানোর সময় তাঁরা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে ধোঁয়ায় অসুস্থ দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় দুই ফায়ার ফাইটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।










