গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মোসলেহ উদ্দিনকে থাপ্পড় মারার ঘটনায় আলোচনায় আসা অভিভাবক শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের কোনো অভিযান বা সিদ্ধান্ত নেওয়ার খবর বিভ্রান্তিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে রাশেদ খাঁন বলেন, তিনি গাজীপুরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি। এ ছাড়া তাকে গ্রেফতারে কোনো অভিযানও পরিচালনা করা হয়নি।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকেও শাহজালাল রুমিকে গ্রেফতারের বিষয়ে পুলিশকে কোনো পরামর্শ দেওয়া হয়নি।

রাশেদ খাঁনের দাবি, কয়েকটি গণমাধ্যমে শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান চালানোর বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।