প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আইজিপি এরই মধ্যে তাঁর বক্তব্য থেকে সরে এসেছেন। তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে, তা প্রধানমন্ত্রী নিজেই বিবেচনা করবেন।

মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। আইজিপির বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে কি না, তা প্রধানমন্ত্রী দেশে ফিরে বিবেচনা করবেন। এ বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে, সেটিও তিনি নির্ধারণ করবেন।

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা আরও বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। মরদেহ নিয়ে এমন আচরণ কেউ পছন্দ করেনি।

রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দেশে উগ্রবাদীদের আস্ফালন রয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ ধরনের অপরাধে জড়িত হবে, বর্তমান সরকারের আমলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভার্চুয়াল সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ প্রসঙ্গে তথ্যবিষয়ক উপদেষ্টা বলেন, ভারত থেকে শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে বাংলাদেশ পছন্দ করছে না। এ বিষয়ে সরকারের মনোভাব আগের মতোই রয়েছে।

এ ছাড়া সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাহেদ উর রহমান বলেন, জুলাই সনদের যেসব বিষয়ে বিরোধী পক্ষের ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো নিয়েও সরকার কাজ করবে।