চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। একই সঙ্গে ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে ফল প্রকাশের সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল বলে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। এ কারণে ওই দিন সকালে ফল প্রকাশ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
প্রচলিত নিয়ম অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী পরীক্ষার ফল ঘোষণা করেন।
যেভাবে জানা যাবে ফল
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অনলাইনে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানা যাবে। পরীক্ষার্থীরা নিজেদের ফল দেখার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও সম্মিলিত ফল সংগ্রহ করতে পারবে।
অনলাইনে ফল দেখতে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। সেখানে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। ওয়েবসাইট থেকে নম্বরপত্রও সংগ্রহ করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফল একসঙ্গে ডাউনলোড করতে পারবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এখানে DHA-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর জায়গায় নিজের রোল নম্বর লিখতে হবে।
এবার পরীক্ষার্থী ১২ লাখের বেশি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই সারা দেশে একযোগে শুরু হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সূচি অনুযায়ী, ৮ আগস্ট অধিকাংশ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয়। তবে বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে হয়। স্থগিত পরীক্ষাগুলো পরে নেওয়া হয় এবং পরীক্ষা কার্যক্রম ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণের পর পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফল জানার অপেক্ষা আরও কয়েক দিন বাড়ল।








