রাজধানীর মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ বিপর্যয় দেখা দেয়। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, জাতীয় গ্রিডের ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ চলছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, রাজধানীর ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের একটি অংশও বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) থেকে তাঁদের জানানো হয়েছে, গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তবে ঠিক কোন গ্রিডে ত্রুটি দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ডিপিডিসি। প্রাথমিকভাবে ধানমন্ডি-উলন গ্রিডে সমস্যার কারণে এ বিপর্যয় ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সুনির্দিষ্ট প্রযুক্তিগত কারণ এখনো শনাক্ত করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর চেষ্টা চলছে। বর্তমানে জাতীয় গ্রিডের পুরো ব্যবস্থা ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এদিকে সচিবালয় ও এর আশপাশের এলাকা ছাড়াও মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ ও খিলগাঁওসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।








