দুর্নীতির মামলায় ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই প্রার্থী সঞ্জয় দাস ও আবু সালেহ মো. মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দুই আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
দুদকের আবেদনে বলা হয়, সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে সঞ্জয় দাস ও আবু সালেহ মো. মুসা অসৎ উপায়ে আর্থিক সুবিধা অর্জনের জন্য ক্ষমতার অপব্যবহার করেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করে সেগুলো প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, এসব সনদ ব্যবহার করে তাঁরা নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করেন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেন। এর মাধ্যমে সঞ্জয় দাস ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে এবং আবু সালেহ মো. মুসা পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের দাবি, পরবর্তী সময়ে তাঁরা চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতাসহ সরকারি অর্থ উত্তোলন করেন। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মামলাটির তদন্ত এখনো চলমান। এ অবস্থায় আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানায় দুদক।








