চীনের কুনমিংয়ে অবস্থিত ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে তিনি বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং চীনের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পরিচালনা কাঠামো সম্পর্কে ধারণা নেন।
এ সময় আবদুল খালেককে স্বাগত জানান ইউনান বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মা ওয়েনহুই।
বাংলাদেশের সঙ্গে শিক্ষা, চীনা ভাষা প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা উন্নয়ন ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ইউনান বিশ্ববিদ্যালয়। অধ্যাপক মা ওয়েনহুই বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়টির মধ্যে বিদ্যমান শিক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে তাঁদের আগ্রহের কথা তুলে ধরেন।
তিনি জানান, বাংলাদেশি চীনা ভাষার শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ এবং চীনা ভাষা ও কারিগরি দক্ষতার সমন্বয়ে পাঠ্যক্রম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়টি প্রস্তুত রয়েছে।
এ ছাড়া শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নৃবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা এবং সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণকেও ভবিষ্যৎ অংশীদারত্বের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পরিদর্শনকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ একাডেমিক সম্পর্কের প্রশংসা করেন।
তিনি অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে ইউনান বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানান।
আবদুল খালেক বলেন, বাংলাদেশ প্রাতিষ্ঠানিক সহযোগিতা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করতে আগ্রহী। প্রস্তাবিত সহযোগিতা থেকে বিশেষ করে যৌথ গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি প্রত্যাশা করছে বাংলাদেশ। এসব উদ্যোগ দুই দেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।








