আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এ বয়সসীমা কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১৯ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের আলোকে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন বয়সসীমা ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তিসংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন বয়সসীমা অনুসরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








