
ভারতের বিভিন্ন অঞ্চল থেকে হিলি সীমান্ত হয়ে বিভিন্ন সময় অবৈধভাবে শাড়ি, থ্রি-পিস, ও চাদর আসলে তা জব্দ করা হয়। সেই সকল জব্দ করা মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (১৮ এপ্রিল) হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে বিভিন্ন প্রসাধনী আসার সময় বিজিবি, পুলিশসহ বিভিন্ন আই-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ে। এ পর্যন্ত ১৫ হাজার ২৪৬টি শাড়ি, ৮২৭টি থ্রি-পিস ও ৭ হাজার ৩২১টি চাদর হিলি সীমান্তে জব্দ করা হয়েছে।
কামরুল ইসলাম আরও বলেন, এসব পণ্য অনেকদিন ধরে জমা ছিল। পরে সিদ্ধান্ত নেওয়া হয় এসব পণ্য নষ্ট না করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার। সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিকালে সেসব পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রেরণ করা হয়।


