
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে নিহত কুরিয়ারকর্মী নাহিদ হাসানের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত একটিই মামলা হয়েছে। নিহতের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ এরই মধ্যে শুরু হয়েছে ।
নাহিদকে যারা হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
জানা যায়, তিন ছেলের মধ্যে বড় ছিলেন নিহত নাহিদ। অভাবের সংসারে ১০ বছর বয়সেই আয়ের পথ বেছে নিয়েছিলেন। তখন তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন। সর্বশেষ কাজ শুরু করেন একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যান হিসেবে।
মঙ্গলবার কামরাঙ্গীরচরে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নাহিদ। নিউমার্কেট এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


