রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল হত্যা মামলা করেছেন। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে নৌপুলিশ।
উত্তরখান থানায় দায়ের করা মামলায় দ্বীপকে আসামি করা হয়েছে। নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, তাহসিফের বাবা হত্যা মামলাটি করেছেন। মামলায় দ্বীপকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে মৃত্যুর ঘটনায় আরও তথ্য জানা যেতে পারে। মামলাটি উত্তরখান থানায় হলেও এর তদন্ত করবে নৌপুলিশ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে তাঁকে ঝাঁপ দিতে দেখা যায় বলে তথ্য পাওয়া যায়। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তাঁর ঝাঁপ দেওয়ার বিষয়টি জানা যায়। পরে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।
জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশসহ কয়েকজন ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
পরে শুক্রবার দ্বীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। রাতে তাঁকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।









