দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৩ শিশুর শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ৬৪ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫৫ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৫ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১ হাজার ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক শনাক্তের হিসাবে সবচেয়ে বেশি ৫৬৪ শিশু ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ২৬৪, সিলেটে ১২৬, বরিশালে ১২৯, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৫১ এবং রাজশাহী বিভাগে ৪১ শিশুর শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।