ভারতে অবস্থানরত শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগ দেশজুড়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করলেও এর অর্থ এই নয় যে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে মাঠপর্যায়ে বড় ধরনের কোনো কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা রাখে বলে তিনি মনে করেন না। তবে দলটির কাছে প্রচুর অর্থ রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে কোনো না কোনো উপায়ে নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে।
তবে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের নাশকতার চেষ্টাকে মিলিয়ে দেখা বা এর মধ্যে কোনো যোগসূত্র খোঁজা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
তৈরি পোশাক খাতের আন্দোলন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের সঙ্গে আগামী ডিসেম্বরের কোনো রাজনৈতিক সংযোগ রয়েছে বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না।
তিনি বলেন, দেশে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বাড়ায় পোশাকশ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়েছে। তবে শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে।
জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে ডা. জাহেদ উর রহমান জানান, চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার বাজেট পরিকল্পনা রয়েছে। তবে বাজেটে বরাদ্দ থাকলেও ক্রমাগত এত বড় অঙ্কের ভর্তুকি দেওয়ার সক্ষমতা সরকারের কমে আসছে বলেও সতর্ক করেন তিনি।








