সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—সব মিলিয়ে সরকার দেশকে কঠিন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
দলের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে এখনো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। তৈরি পোশাকশিল্প ও শ্রমিক রপ্তানি খাতেও নতুন করে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, যার নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে। বেতন কাঠামোকে কেন্দ্র করে তৈরি পোশাকশিল্পে শুরু হওয়া আন্দোলন পর্যায়ক্রমে অন্যান্য পেশার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে। অন্যদিকে, অভিজ্ঞতার অভাবে বিরোধী দলও প্রত্যাশিত ও কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।
অর্থনীতি পুনরুদ্ধার এবং আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকারি ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সংসদ ও রাজনৈতিক পরিসরে বিরোধী দল যাতে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সে জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। এছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও সভায় অংশ নেন।








