দেশের পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামাচ্ছে এবং বিভিন্ন কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

তিনি বলেন, বর্তমান সরকারের সফলতাকে ব্যর্থতায় পরিণত করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে একটি গোষ্ঠী কাজ করছে। এর অংশ হিসেবে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত পোশাকশিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

তিনি আরও অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনটির কথিত ফ্যাসিস্ট দোসররা প্রতিবেশী একটি দেশের ইন্ধন ও মদদে বাংলাদেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। পাশাপাশি কিছু ধর্মীয় গোষ্ঠীও বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, জনগণ সচেতন থাকায় এসব ষড়যন্ত্র সফল হবে না। কোনো ধরনের চক্রান্ত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।

শিক্ষাব্যবস্থা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, অতীতে শিক্ষার গুণগত মান বাড়ানোর পরিবর্তে পাসের হার বাড়িয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। দলীয়করণ থেকে শিক্ষাব্যবস্থাকে মুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা না থাকলে দলীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে না।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিরা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।