বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্যোগে একাডেমিক নিরীক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় কাউন্সিলের ৯২ জন একাডেমিক নিরীক্ষক অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বহিঃস্থ গুণগত মান মূল্যায়নে নিরীক্ষকদের দক্ষতা বৃদ্ধি, স্বার্থের সংঘাত ও গোপনীয়তা রক্ষার নীতিমালা সম্পর্কে সচেতনতা তৈরি এবং নিরীক্ষকদের সঙ্গে কাউন্সিলের কর্মকর্তাদের মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা।
সকাল সাড়ে ৯টায় কর্মশালা শুরু হয়। এতে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রশিক্ষণ পর্বে স্বার্থের সংঘাত ও গোপনীয়তা ব্যবস্থাপনা নীতিমালা এবং সরেজমিন পরিদর্শনের সময় বহিঃস্থ গুণগত মান মূল্যায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় বিশেষ অতিথিরা উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে একাডেমিক নিরীক্ষকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বক্তব্য দেন।
এ ছাড়া উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী নিরীক্ষকরা অ্যাক্রেডিটেশন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত জানান। এ সময় কর্মশালার সভাপতি তাদের প্রশ্নের উত্তর দেন এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে নিরীক্ষকদের পর্যবেক্ষণ লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানান।
সভাপতি বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান উন্নয়ন এবং তা ধারাবাহিকভাবে বজায় রাখাই বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে একাডেমিক নিরীক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পাশাপাশি নিরীক্ষকদের নিজ নিজ কর্মরত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাক্রমকে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মশালায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গুণগত মান নিশ্চায়ন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







