ঢাকাসহ দেশের ১৫ জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এসব জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, সকাল থেকে বেলা ১১টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা ও গোপালগঞ্জ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
এদিকে রাজধানীতে ভোরে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে। ভোরের দিকে শুরু হওয়া বৃষ্টি কিছু সময় ধরে অব্যাহত ছিল। নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়।
এর আগে আবহাওয়া অধিদপ্তরও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেয়। পূর্বাভাসে ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানানো হয়।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।









