ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি।

এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, প্রত্যেকের উচিত নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করা। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। এমনকি সংক্রমণ ও অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতাও দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে সারা জীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। তাই সুস্থ থাকতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা এবং নিজেকে সুরক্ষিত রাখতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, নগরায়নের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি কায়িক পরিশ্রম কমে যাওয়ায় দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।

ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।