সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।
বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে ২০ হাজার পেশাদার চালককে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।
বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় নারীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুরুতে নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কম থাকলেও বর্তমানে তাদের আগ্রহ বাড়ছে। এরই মধ্যে দুটি প্রকল্পের আওতায় অনেক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে চালকদের জ্ঞান বাড়ানো এবং নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা অর্জনে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেও এ কর্মসূচি সহায়ক হবে।
বিআরএসপি প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, আগে থেকেই পেশায় নিয়োজিত চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের।
এসব প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের দায়িত্ববোধ বাড়ানোর বিষয়টিও প্রশিক্ষণে গুরুত্ব পাবে।







