ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনাকে সামরিক বিমান পাঠিয়ে ফিরিয়ে আনার দায়িত্ব বাংলাদেশের নয়। ভারত চাইলে স্থলবন্দর দিয়ে তাকে পাঠিয়ে দিতে পারে, এমনকি সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়েও পুশ-ইন করতে পারে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ঠেকা পড়েছে একজন খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে সামরিক বিমান পাঠিয়ে দেশে নিয়ে আসবে! মামাবাড়ির আবদার! পারলে দিল্লি তাকে স্থলবন্দর দিয়ে পাঠিয়ে দিক, নতুবা সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক!’
এদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে নতুন নথি দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ই-মেইলে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না এবং সংশ্লিষ্ট আইনি প্রতিষ্ঠানটি তার অনুমোদিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
অন্যদিকে, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে আপত্তির কথা জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না। সরকারের অবস্থান অনুযায়ী, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
এদিকে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি মনে করছে, তার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই এখন সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত চায় বাংলাদেশ সামরিক বিমান পাঠিয়ে অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো স্থানে তাকে গ্রহণ করুক। এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়েও ভারত প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নিশ্চয়তা চায় ভারত—এমন তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ এড়াতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি।
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনা চলছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।







