দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে সারা দেশের মসজিদগুলোকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় অবদান বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। তালিকা প্রণয়নের মাধ্যমে দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের কাছে সরকারি ভাতা পৌঁছে দেওয়া হবে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা প্রদানের কর্মসূচি চালু হয়েছে। বর্তমানে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চলছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ হলে পর্যায়ক্রমে দেশের সব মসজিদকে এর আওতায় আনা হবে।
বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে দেশে ওয়াজ মাহফিল আয়োজনের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, অথচ যাত্রার আয়োজন করতে দেওয়া হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এ সময় নির্বাচনে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারের বিষয়ে সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, একটি দল নির্বাচনের সময় বেহেশতের টিকিট বিক্রি এবং নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়ার প্রচারণা চালিয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।
নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম নিয়মনীতি অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন গ্রামীণ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়েই এসব উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের আগে তিনি উপজেলার একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সরকারি কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।









