কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যভান্ডার সমৃদ্ধ করার মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা জোরদার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষা, খাদ্য সংগ্রহ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং কার্যকর বিতরণব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, সরকারি গুদামে পর্যাপ্ত ধান ও চালের মজুত গড়ে তোলার মাধ্যমে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম সচল রাখার পরিকল্পনা রয়েছে। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগ্রহমূল্য নির্ধারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরকারি খাদ্য মজুত ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি।

খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যঘাটতি কিংবা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সরকারি খাদ্য মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধান ও চাল সরবরাহের বিপরীতে কৃষকদের পাওনা পরিশোধে কোনো ধরনের বিলম্ব করা যাবে না বলেও নির্দেশনা দেন তিনি।

এদিকে, ২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে সংগ্রহ করা হবে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন। মানিকগঞ্জ জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২২ মেট্রিক টন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

জেলার সাতটি উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।