জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে রাষ্ট্রদূত সঞ্চিতা হক। নির্ধারিত সময়ের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান দেশের বাইরে থাকায় মিশনের নেতৃত্ব দেবেন তিনি।

চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান মিশনের বাইরে থাকবেন। এ কারণে তার অনুপস্থিতিতে সঞ্চিতা হককে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনে পাঠানো এক কূটনৈতিক নোটের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

কূটনৈতিক পরিভাষায় এ দায়িত্বকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’ বলা হয়। অর্থাৎ, স্থায়ী প্রতিনিধি অনুপস্থিত থাকাকালে মিশনের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সঞ্চিতা হক নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদায় উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। তিনি ২০০৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।

দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন।

সঞ্চিতা হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে। তিনি প্রয়াত আনোয়ারুল হক ও তাহমিনা খাতুনের মেয়ে। তার দাদা শামসুল হুদা ওরফে লাল মিয়া মুন্সি ব্রিটিশ ও পাকিস্তান আমলে দীর্ঘ ৩৫ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।