রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন এসব নাগরিকের পরামর্শ ও সহযোগিতায় কার্যক্রমটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এ উদ্যোগ বাস্তবায়নে রাজধানীকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও রয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, কমিটি গঠনের পর থেকে কার্যক্রমে বেশ কিছু অগ্রগতি হয়েছে। এরই মধ্যে কমিটির সদস্যরা ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

তিনি আরও জানান, সরকারি আবাসিক কোয়ার্টারগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে নিশ্চিত করতে হবে। কোনো কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়া গেলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার ঢাকা শহরকে অন্য কোনো দেশের শহরের আদলে গড়ে তোলার প্রতিশ্রুতি দিতে চায় না। বরং পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে রাজধানীকে গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এ ছাড়া মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে পৃথক একটি উইং গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এ ধরনের ব্যবস্থা থাকলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনেও নতুন করে এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।