কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতেও কাজ করা হচ্ছে।

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, জনগণের কল্যাণে যেসব উদ্যোগ প্রয়োজন, সরকার সেগুলো বাস্তবায়নে কাজ করবে।

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুদিনব্যাপী ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে নির্বাচনি ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে কর্মজীবী মায়েরা যাতে নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের শিশু দিবাযত্ন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

রাষ্ট্রের দায়িত্ব তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দেবে। তবে এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। পরে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত শিশু দিবাযত্নবিষয়ক প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী এবং নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা অংশ নেন।