জলবায়ু সংকটের জন্য দায়ী উন্নত দেশগুলোকেই ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব নিতে হবে বলে দাবি জানিয়েছেন বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, জলবায়ু অর্থায়নে শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন সুনির্দিষ্ট রোডম্যাপ, পর্যাপ্ত অর্থ ছাড় এবং জবাবদিহি নিশ্চিত করা।
তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশের কোস্ট ফাউন্ডেশন, ভারতের মৌসম ও লিডার্স বাংলাদেশ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু অভিযোজনের অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব কপ-৩১-এর পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় তা সম্ভব হয়নি। এ অঙ্গীকার বাস্তবায়নে সম্মেলন থেকেই পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থা এবং জবাবদিহির কাঠামো নির্ধারণ করতে হবে।
বক্তারা আরও বলেন, প্যারিস জলবায়ু চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব। বেসরকারি খাতের অর্থায়নের মাধ্যমে উন্নত দেশগুলোর এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিস্থিতি তুলে ধরে বক্তারা জানান, বন্যাসহ বিভিন্ন জলবায়ু দুর্যোগে এ অঞ্চলের দেশগুলো প্রতিবছর কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। অথচ আন্তর্জাতিকভাবে ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এ সংকট মোকাবিলায় আঞ্চলিক সংহতি ও পর্যাপ্ত অর্থায়ন জরুরি।
তারা বলেন, জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থায় জটিল আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব প্রক্রিয়া সহজ করে ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে সরাসরি অর্থ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন ডলারের বেশি বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। অথচ বৈশ্বিক অর্থায়নের বড় অংশ পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত থাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রয়োজনের তুলনায় কম অর্থ পাচ্ছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু তহবিলের অর্থ প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে বিশেষায়িত অর্থায়নের ব্যবস্থা, তাদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তব অর্থায়ন ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।









