পৃথিবীর যেকোনো জাতির তুলনায় বাংলার দামাল সন্তানরা বেশি সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা জীবন উৎসর্গ করতেও কখনো পিছপা হননি।
রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) আয়োজনে ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, তিনি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি এ সংগঠনের সদস্য হওয়াও সম্মানের। সামরিক বাহিনীতে কাটানো আট বছরকে তিনি জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবে উল্লেখ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি সেনানিবাসে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। তবে মহান মুক্তিযুদ্ধের পর এ রেজিমেন্টের অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়নি।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষায় প্রশিক্ষণ ছাড়াই এ দেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল।
স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বিগত ১৫ বছরের শাসনামলকে তিনি দুঃশাসনের সময় হিসেবে উল্লেখ করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়ে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ওই আন্দোলনে সামরিক বাহিনীও সহায়ক ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। মুক্তিযুদ্ধের সম্মুখসমরে অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে অংশ নেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। বিশেষ করে এমসি কলেজের যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক সেনাসদস্য, বিভিন্ন অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









