অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে নিরাপদ, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে ১৫টি কৌশলগত স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের জুম সুবিধাসম্পন্ন ক্যামেরা রয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল এই নজরদারির আওতায় এসেছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কোন এলাকায় অপরাধের প্রবণতা বেশি এবং কোথায় অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে, তা চিহ্নিত করতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের থানার তথ্যের ভিত্তিতে এসব স্থানে ক্যামেরা বসানো হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষায়িত গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে বলেও জানান তিনি।

নজরদারি ব্যবস্থার আওতা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, শুধু পুলিশ ও ট্রাফিক বিভাগের ওপর নির্ভর না করে স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের সম্পৃক্ত করে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যুক্ত করা হবে।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত করা হবে না। সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হচ্ছে। এসব ক্যামেরাকে সমন্বিত নজরদারি ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ করা পুলিশের জন্য কঠিন হতে পারে। এ কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা গড়ে তোলা হবে।

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, সমন্বিত সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং পুলিশের নিয়মিত তৎপরতার ফলে কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু স্থানে এখনো বিচ্ছিন্নভাবে অপরাধের ঘটনা ঘটছে। এসব স্থান চিহ্নিত করে অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পুলিশের টহল বৃদ্ধি, জনবল ও লজিস্টিক সক্ষমতা বাড়ানো এবং থানার কার্যক্রম আরও গতিশীল করাও জরুরি। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকার কারণে এক স্থান থেকে অন্য স্থানে পুলিশের দ্রুত পৌঁছাতে সময় লাগে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও প্রয়োজনীয় পুলিশি সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বড় ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, হাসপাতাল ও মার্কেট কর্তৃপক্ষের সহযোগিতায় স্থানীয় নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট কমাতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিয়া মসজিদ, আসাদগেট এবং ধানমন্ডি ২৭ নম্বর আই হসপিটাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথসহ আরও তিনটি স্থানে আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ঢাকা-১৩ এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিত সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সলিমুল্লাহ রোড থেকে শিয়া মসজিদ, শম্পা মার্কেট থেকে স্কয়ার হাসপাতাল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে। অবৈধ পার্কিং, যত্রতত্র যানবাহন থামানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভিডিও প্রসিকিউশন কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, অপরাধ সংঘটনের পর অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধ সৃষ্টির সামাজিক ও অর্থনৈতিক কারণগুলোও দূর করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সুযোগ সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি বিজিএমইএ, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হচ্ছে।

এ ছাড়া বসিলা পলিটেকনিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন উদ্যোগ নিয়েও পরিকল্পনা এগিয়ে চলছে বলে জানান তিনি।

বিহারি ক্যাম্পের মাদক সমস্যা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ক্যাম্পের প্রবেশ ও বহির্গমন পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এসব এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিরাপদ মোহাম্মদপুর ও সুশৃঙ্খল ঢাকা-১৩ গড়ে তুলতে জনপ্রতিনিধি, পুলিশ, স্থানীয় জনগণ, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি, কার্যকর সমন্বয় ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে এলাকাটিকে আরও নিরাপদ করাই সরকারের লক্ষ্য।