আগামী পাঁচ বছরের মধ্যে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্রেস্ট ক্যানসার, কলোরেক্টাল ক্যানসার ও ওরাল ক্যানসারে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। এসব ক্যানসার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালী করতে আয়োজিত জাতীয় পর্যায়ের এক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে রাজধানীতে এ সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ক্যানসার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে অংশীজনদের এই পরামর্শ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্যানসার প্রতিরোধে কার্যকর উদ্যোগ, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে।

ক্যানসার মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে ড. এমএ মুহিত বলেন, এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

এ লক্ষ্যে সরকার ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল কাউন্সিল গঠনের উদ্যোগ নেবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব একেএম বেনজামিন রিয়াজী সভাপতিত্ব করেন। এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।