পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জাপানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার উন্নয়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনায় জাপানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছে সরকার।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর জাপান প্যাভিলিয়নে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বৈঠকে বাংলাদেশের পক্ষে তিনি এবং জাপানের পক্ষে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের বৈশ্বিক পরিবেশবিষয়ক ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া নেতৃত্ব দেন।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি সবুজ অর্থনীতি গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এসব ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বাংলাদেশ-জাপানের বিদ্যমান জয়েন্ট ক্রেডিটিং মেকানিজমের (জেসিএম) আওতায় সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। কার্বন ক্রেডিট ও আন্তর্জাতিক কার্বন বাজারকে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জাতীয় কার্বন বাজার কাঠামো প্রণয়নের উদ্যোগের কথাও জানান। এ ক্ষেত্রে জাপানের কারিগরি অভিজ্ঞতা ও বিনিয়োগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সৌরবিদ্যুৎ উৎপাদন ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে জাপানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে ঢাকা ও আশপাশের নদ-নদীর দূষণ পরিস্থিতিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য পরিশোধনে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের জন্য জাপানের প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ চান তিনি। বিশেষ করে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনের মাধ্যমে শিল্পদূষণ নিয়ন্ত্রণে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

জাপানের ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। পরিবেশ সুরক্ষায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি। আগামী বছরগুলোতে এ সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন।

বৈঠকে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।