কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

একই রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তের অংশ হিসেবে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়।

তদন্ত কমিটি সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য ফাঁসের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছিল।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রশাসনিক কিছু বিষয়ে জাহাঙ্গীর আলমকে দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জাহাঙ্গীর আলম ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।