বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নতুন করে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশে থানার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৫৪টিতে।
সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে দেশের ৬৫৩তম থানা হিসেবে হালদা থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল।
বৈঠকে নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবসহ মোট সাতটি প্রস্তাব যাচাই-বাছাই করা হয়। এসব প্রস্তাবের মধ্যে চারটি সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
সুপারিশের সিদ্ধান্ত হওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপন।
প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন পেলে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় এসব এলাকায় নতুন কাঠামো যুক্ত হবে। এর মধ্যে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের থানার সংখ্যা ৬৫৪-তে উন্নীত হবে।









