দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা এবং পোশাকশ্রমিকদের টাকা পাঠানোর পেছনে কারা রয়েছে, তা জনগণ বুঝতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার দেশে ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। এ ক্ষেত্রে পুলিশ কিংবা বিজিবির ওপর নির্ভর না করে বিএনপি নিজেরাই মাঠে থাকবে। জনগণই তাদের শক্তি।

জাকারিয়া তাহের সুমন আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে আইন অনুযায়ী তাঁর আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্ত রায় হলে তা কার্যকর করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে তিনি জানতে চান, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক কিংবা স্বৈরাচার ফিরে আসুক—তারা তা চান কি না। জবাবে উপস্থিত ব্যক্তিরা ‘না’ সূচক উত্তর দেন।

মন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছে এবং জনগণই তাদের পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। ক্ষমতাচ্যুতদের বিচার হলে কিংবা তারা আবার ফিরে আসার চেষ্টা করলে জনগণ তাদের ক্ষমা করতে চাইবে কি না, সেই সিদ্ধান্ত জনগণই নেবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, এলজিইডির প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।