তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে এ কর্মসূচি তিন মাস চলবে।

ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত চাল বিক্রি চলবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।

চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাঁদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে এ কর্মসূচির আওতায় চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে বিতরণ করা হবে।

খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।