রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি নভেম্বর মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। সব ধরনের নিরাপত্তা ও কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়। কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে এবং কোনো প্রযুক্তিগত সমস্যা বা আকস্মিক সংকট তৈরি না হলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। এর মধ্য দিয়ে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের ব্যবহারিক যাত্রা শুরু হবে।

এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব সরবরাহ শুরু করার চেষ্টা চলছে।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পর পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। সবকিছু ঠিকমতো চলছে কি না, তা যাচাই করা হবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণে কোনো সমস্যা বা ত্রুটি নেই বলে নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন বলেও জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর সময় পাওয়ার ওপর আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ নির্ভর করছে।

এর আগে প্রথম ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ‘ক্রিটিক্যালিটি’ সফলভাবে শুরু হয়। পরে চুল্লির ক্ষমতা বৃদ্ধির চূড়ান্ত ধাপ ‘পাওয়ার স্টার্টআপ (সি-স্টেজ)’ শুরুর অনুমোদন দেওয়া হয়। কারিগরি পরীক্ষা শেষ হলেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। প্রথম ইউনিটকে পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১২০০ মেগাওয়াটে নিতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। ২০২৭ সালের এপ্রিল নাগাদ এ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে নিয়মিত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম আনা হচ্ছে। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানের ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে।

প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালুর প্রায় এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিট থেকেও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা রয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণে সহায়তা করবে কেন্দ্রটি।