বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন ভার্চ্যুয়াল মাধ্যমে তাঁদের আদালতে হাজির দেখানো হয়।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. হাফিজুল ইসলাম তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, মমতাজ ও রমজান আলী আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহায়তায় তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিল ও তাঁর কয়েকজন সহকর্মী। এ সময় আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত গুলি চালানো হয়।

অভিযোগে আরও বলা হয়, মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার হিসেবে উল্লেখ করা মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে ওমর ফারুক শাকিলসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁর নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরবর্তী সময়ে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে আবার অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর শাকিলের বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।