২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়ানো কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করা হয়েছিল।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা বাড়িয়েছে। পাশাপাশি সরকারি মাধ্যমের কিছু কোটা অব্যবহৃত রয়েছে। বাড়তি ও অব্যবহৃত এসব কোটায় হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।









